দৈনিক ইত্তেফাকের বরগুনা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক আব্দুল আলীম হিমু (৬৫) বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ইন্তেকাল করেন।
আব্দুল আলীম হিমুর মৃত্যুতে বৃহস্পতিবার বেলা ২টায় সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য বরগুনা প্রেসক্লাব চত্বরে মরদেহ রাখা হয়। সেখানে সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে বরগুনার সার্কিট হাউজ মাঠে জানাজার জন্য নেয়া হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আব্দুল আলীম হিমু ১৯৫৭ সালের পহেলা জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম লাল মিয়া ছিলেন তৎকালীন কৃষক-শ্রমিক লীগ থেকে দুবারের নির্বাচিত এমএলএ। আব্দুল আলীম হিমু ১৯৭২ সাল থেকে দৈনিক গণ কন্ঠের বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক ইত্তেফাকের সুদীর্ঘ ৩৫ বছরের বরগুনা জেলা প্রতিনিধি। তিনি বরগুনার প্রথম সাপ্তাহিক বরগুনার কণ্ঠ ও প্রথম দৈনিক আজকের কণ্ঠের সম্পাদক ও প্রতিষ্ঠাতা। তিনি
প্রেসক্লাবের আন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ও সাতবারের সভাপতি।
আব্দুল আলীম হিমু ১৯৭১ সালে বরগুনা মহাকুমা স্কাউট লিডার থাকাকালীন বরগুনার মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শুরু করেন।
আব্দুল আলীম হিমু করোনা পজেটিভ হয়ে গত ২৮ আগস্ট সস্ত্রীক বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে গত ৫ সেপ্টেম্বর সকালে এয়ার এম্বুলেন্সযোগে জরুরি ভিত্তিতে ঢাকার ইউনিভার্সেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
মৃত্যুর আগে আব্দুল আলীম হিমুর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক ঘোষণা, কালোব্যাজ ধারণ এবং কালো পতাকা উত্তোলন করেছে বরগুনা প্রেসক্লাব।
ইত্তেফাক/আরকেজি
