তালার পল্লীতে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৩

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে মো. আব্দুর রশিদ মোড়ল (৭০) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধে লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজ ঘরের বারান্দায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের স্বজনরা জানান।

রশিদ উপজেলার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ২কন্যা সন্তানের জনক ছিলেন। 

নিহতের চাচাতো ভাই ইব্রাহিম মোড়ল জানান, আবুল হোসেন তিন বছর আগে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরের পর নিজ ঘরের বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

অপরদিকে এ ঘটনার প্রত্যক্ষদর্শী (নাম প্রকাশে অনিচ্ছুক) এক ব্যক্তি জানান, “বৃহস্পতিবার দুপুরের পর আমি পুকুরে গোসলের উদ্দেশ্যে যেতে গিয়ে দেখি আব্দুর রশিদ মোড়ল গলায় ওড়না পেঁচিয়ে বারান্দায় বসে আছে। আমি তার কাছে গিয়ে গায়ে হাত দিলে আমার উপর সে ঢলে পড়ে। সাথে সাথে বিষয়টি আমি পরিবারের সকলকে জানাই। তারা এই ঘটনার পর পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।”

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে  জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআর