টাকা নিয়ে দ্বন্দ্বে কাহালুতে প্রকাশ্যে যুবককে ছুরি মেরে হত্যা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৯

বগুড়ার কাহালু উপজেলায় দুপুর বেলায় প্রকাশ্য চিহ্নিত অপরাধীরা এক যুবকে ছুরিকাঘাতে হত্যা করেছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলা জামগ্রাম ইউনিয়নের জামগ্রাম-দুর্গাপুর সড়কের পানাই বাগিচা নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যায় সরাসরি জড়িত থাকা একজনকে আটক করেছে। 

নিহত যুবকের নাম আব্দুল আলিম (২২)। তিনি জামগ্রাম বাটপার পাড়ার বুলু মিয়ার ছেলে। পেশা তিনি কৃষক ছিলেন।

কাহালু থানার পুলিশ ধাওয়ায় হত্যায় সরাসরি জড়িত আটক যুবকের নাম নওফেল (২৪)। নওফেল কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের উত্তর দেবখন্ড (মস্তকাশী) গ্রামের আবু সুফিয়ানের ছেলে। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী।  

শুক্রবার দুপুরে আলিম তার নিজ মোটরসাইকেলে চড়ে বাজার করতে যাবার ওই স্থানে পেছনে থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা তিনজন তার ওপর আক্রমণ করে। এসময় দুস্কৃতিকারীরা আলিমের শরীরের সাতবার ছুরিকাঘাত করে। মৃত্যু নিশ্চিত করে পালানোর সময় জনতা ধাওয়া করলে ধরা পড়ার ভয়ে তারা খুনে তাদের ব্যবহৃত লাল রংগের নাম্বার বিহীন মোটরসাইকেল (ফিকন) ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ  মো. জিয়া লতিফুল ইসলাম ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসেন। এছাড়া নন্দীগ্রাম সার্কেলের সরকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

কাহালু থানার অফিসার ইনচার্জ জানান, আটক নওফেলের বিরুদ্ধে থানায় মামলা আছে। নওফেল প্রাথমিকভাবে জানিয়েছেন, আলিমের সঙ্গে টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। 

ইত্তেফাক/এসি