নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রামগঞ্জের হাটবাজার ও গুরুত্বপূর্ণ জায়গার আশপাশে অলিতেগলিতে চলছে মাদকের কেনাবেচা। উপজেলার ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ২০০টির বেশি স্পটে মাদক কেনাবেচা হলেও পুলিশ প্রশাসন মাঝেমধ্যে সামান্য গাঁজা, হেরোইন, ইয়াবা জব্দ করলেও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছুই করতে পারছে না। করোনাকালীন সময়েও মাদক কেনাবেচা থেমে নেই। আগস্ট মাসে আড়াইহাজার থানায় ৯ টি মাদক মামলা দায়ের হয়েছে।
সূত্র জানায়, প্রভাবশালী কয়েকজন পর্দার আড়ালে থেকে অসাধু কিছু রাজনীতিবিদদের সহযোগিতায় ব্যবসা অব্যাহত রেখেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মধ্যে রয়েছে ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়ার সোনাতন বিবি, তার ছেলে ও ছেলে বউ, দাইরাদির ডেঞ্জারাস কবির। এছাড়া চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নিযুক্ত করা বিক্রেতারা প্রতিদিন গোপালদী পৌরসভার রাসচন্দ্রদী, গোপালদীবাজার, মাহমুদপুর ইউনিয়নের সালমদীবাজার, বিশনন্দী ইউনিয়নের ইউনিয়নের দয়াকান্দা ও মানিকপুর এলাকায় মাদক বিক্রি করছে। দয়াকান্দায় কয়েকজন প্রভাবশালীদের আত্মীয়-স্বজন মাদক বিক্রি করছে।
মাদকপল্লিতে পরিচিতি পেয়েছে বালিয়াপাড়া, রামচন্দ্রদী, গোপালদী এলাকা। এসব এলাকায় প্রতিদিন মাদক কেনাবেচার আসর বসছে। পুলিশ প্রশাসন মাদক নির্মূলের প্রতিশ্রুতি দিলেও কিছু প্রভাবশালী ব্যক্তি বখরা আদায়ে ব্যস্ত বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
বালিয়াপাড়া ও রামচন্দ্রদী এলাকার লোকজন বলেন, পুলিশ যদি ঠিকভাবে ও নিয়মিত কঠোরভাবে তৎপর হয়, তাহলে আড়াইহাজার উপজেলা সম্পূর্ণ মাদকমুক্ত করা সম্ভব। ঘুষ বাণিজ্যের কারণে বন্ধ হচ্ছে না মাদকের বিস্তার। প্রায়শ আটক ও ভ্রাম্যমাণ আদালতে দণ্ড ও জরিমানা করেও থামছে না মাদকের ভয়াবহতা। অন্যদিকে নিধিরাম সরদারের ভূমিকায় মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তরের লোকজনও জনবল সংকেটর দোহাই দিয়ে হাত গুটিয়ে থাকছেন।
অনুসন্ধান করে জানা গেছে, মেঘনা নদী দিয়ে বাঞ্ছারামপুর থেকে পাচার হচ্ছে মাদক। এছাড়া আড়াইহাজার উপজেলার পার্শ্ববর্তী নরসিংদী জেলার মাধবদী থানা এলাকা থেকেও সড়কপথে মাদক পাচার হয়। সেই মাদক লোক মারফত আড়াইহাজারে ঢুকছে। মাধবদী ও বাঞ্ছারামপুর থেকে ইয়াবা, হেরোইন, গাঁজা নৌ ও সড়ক পথে অবাধে আড়াইহাজারে ঢুকছে। সেখানে পুলিশ সক্রিয় হলে মাদক ডিলাররা আড়াইহাজার উপজেলায় মাদক পাচার করে। মাদক ব্যবসায়ীরা বিপথগামী নারী ও কিশোরদের ব্যবহার করছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
সূত্রমতে, ঢাকা-সিলেট হাইওয়ে রোডে মাদক পাচারে কিছু প্রভাশালী নেতার দামি গাড়ি ব্যবহারের অভিযোগ বহুদিনের। মাধবদী থেকে সড়ক পথে মাদক ঢুকছে আড়াইহাজার উপজেলায়। চাইলেই হাতের নাগালে পৌঁছে যাচ্ছে গাঁজা, মদ, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য। মাদকের এ ভয়াবহ ছোবলে যুব সমাজ বিপথগামী হয়ে পড়েছে। এ অবস্থায় অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, মাদকের ঠিক কতটি স্পট রয়েছে এই মুহুর্তে বলা যাচ্ছে না। তবে গত মাসে মোট ৯টি মাদক উদ্ধারের মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে
