পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৩ দিন পর ফেরি চলাচল শুরু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৩ দিন বন্ধ থাকার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে মূল চ্যানেলে ফেরি চলাচল শুরু হয়েছে। নাব্যতা সংকটের কারণে গত ২৯ আগস্ট থেকে ওই চ্যানেলটি বন্ধ হয়ে যায়। ৩০ আগস্ট থেকে ড্রেজিং শুরু করে টানা ১২ দিন ড্রেজিং করে গতকাল রাতে ওই চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনতে সক্ষম হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নাব্যতা সংকট থাকায় গত ৩০ আগস্ট থেকে ফেরিগুলো বিকল্পপথে চলাচল করছিল। এ কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগছিল। দীর্ঘ ১২ দিন ড্রেজিং করার ফলে গতকাল রাতেই মূল চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আজ সকাল থেকে ফেরিগুলো মূল চ্যানেল দিয়ে চলাচল করছে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে। তবে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল শুরু না হলে পাটুরিয়া ঘাটের অবস্থা পুরোপুরি স্বাভাবিক রাখা সম্ভব নয়।

আরো পড়ুনঃ হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং!

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল চ্যানেল চালু হলেও পাটুরিয়া ঘাটের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। নাব্যতা সংকটের কারণে গত ৯ দিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে বাড়তি গাড়ির চাপে সামলাতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যাত্রী ও পচনশীল জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ছে শত শত পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগীরা।

অন্যদিকে, শুক্রবার দুপুর ১২টায় পাটুরিয়া ঘাটের দুটি ট্রাক টার্মিনালে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা থাকতে দেখা গেছে। এ ছাড়া, গত কয়েকদিনের তুলনায় আজ প্রাইভেটকারের চাপ বেশি দেখা গেছে।


ইত্তেফাক/এমএএম