মাগুরা প্রতিনিধি
মাগুরা পৌর এলাকার মোল্যাপাড়ায় বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এলাকাবাসী কথিত ধর্ষক টিটো কাজীকে (৪২) আটক করে পুলিশে সোপর্দ করেছে। টিটো কাজীর গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার গোয়ালখালীতে। ধর্ষণের শিকার মেয়েটি বাদী হয়ে সদর থানায় মামলা করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই পরিস্কার বিশ্বাস জানান, মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাতে শহরের মোল্যাপাড়ায় টিটো কাজী নামে ঐ ব্যক্তি পাশের ঘরে ভাড়া থাকা শারীরিক প্রতিবন্ধী ঐ কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ঐ কিশোরী অচেতন হয়ে পড়ে। ঘটনার সময় তার মা বাড়ির বাইরে ছিলেন। পরে তিনি ঘরে ফিরে এসে মেয়েকে অচেতন অবস্থায় পান। মায়ের চিত্কারে এলাকাবাসী সেখানে ছুটে আসেন। এরই মধ্যে ঐ কিশোরী জ্ঞান ফিরে পেয়ে ঘটনার বর্ণনা দিলে এলাকাবাসী পাশের ঘর থেকে টিটো কাজীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসআই জানান, টিটো কাজী একজন ভবঘুরে। তার স্ত্রী সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত। দুই ছেলেমেয়ে নিয়ে টিটো কাজী ঐ বাসায় বেশ কিছু দিন যাবত্ ভাড়া থাকছে।
নির্যাতনের শিকার কিশোরীর মা জানান, তিনি অন্যের বাসায় কাজ করে সংসার চালান। মেয়েকে একা ঘরে রেখে তিনি কাজে গিয়েছিলেন। ঘরে ফিরে দেখেন মেয়ের এই অবস্থা।
