প্রধানমন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এসপার। আলাপকালে তিনি রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ কথা জানান।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের এক বিবৃতিতে এ ফোনালাপের বিষয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী           এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় প্রতিরক্ষামন্ত্রী এসপার কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপ এবং প্রতিবেশী দেশগুলোর কল্যাণে তার সাম্প্র্রতিক কার্যক্রমের প্রশংসা করেন। উভয় নেতা সব দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছেন এবং সামুদ্রিক ও আঞ্চলিক সুরক্ষা, বৈশ্বিক শান্তিরক্ষা এবং বাংলাদেশের সামরিক সামর্থ্যকে আধুনিকীকরণের উদ্যোগসহ সুনির্দিষ্ট দ্বিপাক্ষিক প্রতিরক্ষাবিষয়ক অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেছেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থ ও মূল্যবোধের সমর্থনে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।