শোচনীয় সূচনা তারকাহীন পিএসজির

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩২

স্পোর্টস ডেস্ক

দলের সাত জন করোনা ভাইরাসে আক্রান্ত। এই তালিকায় আছে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, অ্যাঞ্জেল ডি মারিয়া, কেইলর নাভাস, লিয়ান্দ্রো পারেদেসের মতো বড় নাম। বাধ্য হয়েই প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ফরাসি লিগ ওয়ানের প্রথম ম্যাচে মাঠে নামিয়েছিলেন দ্বিতীয় সারির একটা দল।

আর তার ফলাফলও এলো হাতেনাতে। এই বছরই লিগ ওয়ানে উঠে আসা লেন্সের কাছে ১-০ গোলে হারলো চ্যাম্পিয়ন দল পিএসজি। পুরো ম্যাচে বলার মতো কোনো আক্রমণের দেখাই পায়নি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার আপরা। গোলরক্ষক মার্চিন বুকার হাস্যকর এক ভুলে গোল হজম করে ম্যাচের ৫৭ মিনিটে।

ম্যাচ শেষে কোচ থমাস টুখেল বলেন, ‘তরুণ একটা দলের প্রতি প্রত্যাশা কম ছিল। তবে, ড্র হতে পারত আদর্শ একটা ফলাফল। তবে, আমরা বোকার মতো ভুল করেছি, আর প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছি।’

এই হারের মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়তে ব্যর্থ হলো পিএসজি। লিগ ওয়ানে তারা সর্বশেষ ৩২টি অ্যাওয়ে ম্যাচে গোল পেয়েছে। ১৯৫৭ সালের নভেম্বর থেকে ১৯৫৯ সালের আগস্ট পর্যন্ত সময়ে একই কীর্তি গড়েছিল সেডান। পিএসজির একক ভাবে শীর্ষে ওঠার সুযোগ ছিল। কিন্তু, সেটা আর হলো না।