ইত্তেফাক রিপোর্ট
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলে যোগ দেওয়ার ঘোষণার কয়েকদিনের মাথায় কোনো জোটের সঙ্গেই না থাকার কথা জানালো বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)। গতকাল বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনের সভাপতি শ্যামল কুমার রায়। তিনি বলেন, গত ৮ অক্টোবর বিএমজেপির সাধারণ সম্পাদক সুকৃতি মণ্ডল পার্টি ফোরামের সঙ্গে আলোচনা না করে সম্পূর্ণ তার ব্যক্তিস্বার্থে ২০ দলীয় জোটে যোগ দেন। আমি দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, বিএমজেপি ২০ দলীয় জোটে যায়নি, আমরা মহাজোটের সঙ্গেও নেই। ২০ দলে যোগ দেওয়া অংশকে দলের ‘একাংশ’ উল্লেখ করে নিজেদের অংশকে ‘মূল অংশ’ বলে দাবি করেন শ্যামল রায়।
শ্যামল রায় আরও বলেন, সুকৃতি মণ্ডলকে বিএমজেপির সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে পার্টির যুগ্ম সম্পাদক গৌতম কুমারকে পরবর্তী কাউন্সিল অধিবেশন না হওয়া পর্যন্ত দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বাঁচাও’ স্লোগানে রাজনৈতিক দল হিসেবে বিএমজেপি আত্মপ্রকাশ করে। দলটির নির্বাচনী প্রতীক ‘রাজহাঁস’।
০
