ডার্ক মুডসহ বহু ফিচার নিয়ে আসছে ‘অ্যান্ড্রয়েড ১০ কিউ’

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২০:৪৬

অনেক স্মার্টফোন নির্মাতারা অ্যান্ড্রয়েড পাই-এর আপডেট সুবিধা দিয়েছে। খুব শীঘ্রই ডার্ক মুডসহ একাধিক ফিচার নিয়ে উন্মুক্ত হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট ভার্সন ‘অ্যান্ড্রয়েড ১০ কিউ’।

 প্রতিবছর গুগলের আই/ও ইভেন্টে কোম্পানিটি নতুন ভার্সনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম উন্মুক্তের ঘোষণা দেয়। প্রতি বছরই আমরা আপডেট অ্যান্ড্রয়েড ভার্সন বা এর উন্নত আপডেট দেখেছি। গুঞ্জণ শোনা যাচ্ছে, এ বছরও গুগল নতুন একটি আপডেট নিয়ে আসবে আর তাতে অন্যান্য ফিচারের মধ্যে আকর্ষণীয় ফিচার হিসেবে থাকছে ডার্ক মুড। সম্প্রতি গুগলের ইঞ্জিনিয়াররা এ বিষয়টি নিশ্চিত করেন।

অ্যান্ড্রয়েড ১০ কিউ সংস্করণে অবশ্য বেশ কিছু নতুন ফিচার যুক্ত হবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এর মধ্যে বিশেষ ফিচার হবে ডার্ক মুড। এটি মূলত ব্যাটারির চার্জ বাঁচানোর জন্য আনতে যাচ্ছে গুগল। এর আগে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ সংস্করণে মেটিরিয়াল ডিজাইন যোগ করার আগে সিস্টেমের বেশির ভাগ জায়গা কালো থাকত; বিশেষ করে সিস্টেম সেটিংস। গুগল স্বীকার করেছে, শুধু ওএলইডি নয়, এলসিডি ডিসপ্লেতেও ডার্ক মুডে ব্যাটারি বাঁচে। তাই আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে মেটেরিয়াল ডিজাইন বাদ দিয়ে ডার্ক মুডে ফিরে যেতে চাইছে তারা। অপারেটিং সিস্টেমের পাশাপাশি একাধিক অ্যাপেও ডার্ক মোড আসতে পারে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।  সূত্র : ফোন ওয়ার্ল্ড