নতুন বইয়ের ঘ্রাণ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২০:৫০

মাঠের শেষে ধানের পাতায় শেষ বিকেলের আলো

এমন সময় খেলতে ক্রিকেট কার না লাগে ভালো?

বছর শুরুর নতুন ক্লাসে নতুন বইয়ের ঘ্রাণ

পড়বো কত মজার ছড়া, করবো ছড়া গান

তাই বলে কী বারোটি বই? ডজন তিনেক খাতা?

প্রতিটা দিন পরীক্ষা দাও নইলে রেজাল্ট যা-তা!

বইয়ের বোঝা পড়ার চাপে কান্না কেবল পায়

আমরা শিশু হয়েও দেখি পড়তেই দিন যায়।

বিকেলবেলা সবাই যখন নামে খেলার মাঠে

আমার তখন স্যারের কোচিং একলা সময় কাটে।

আমার তখন মন পড়ে রয় ফড়িং পাখির ডানায়

বৃষ্টি হয়ে ভাসতে থাকি মেঘের কানায় কানায়

আব্বু আম্মু বলেন এখন পড়া-লেখাই পুঁজি

আমি কী ছাই এত বুঝি? খেলার সুযোগ খুঁজি

মনটা আমার পাখির মতো ফুড়ুত করে পালায়

মা-বাবা যে কেন এমন পড়া নিয়ে জ্বালায়!