নাটোর ঢাবি ছাত্রীর ময়না তদন্তের রিপোর্ট প্রত্যাখ্যান, এলাকাবাসীর দাবি হত্যা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৮:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আত্মহত্যা করেছে বলে ময়নাতদন্তের রির্পোট দেওয়া হলে পরিবার ও এলাকাবাসী তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, সুমাইয়াকে হত্যা করা হয়েছে। প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। নাটোর শহরের বলাড়িপাড়া এলাকায় সুমাইয়ার বাড়ির সামনে প্রায় আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, হত্যাকারীরা প্রভাবশালী হওয়ায় তারা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। যার ধারাবাহিকতায় আসামিরা জামিন পেয়েছে। 

উল্লেখ্য, গত ২২ জুন সুমাইয়ার মৃতদেহ হাসপাতালে ফেলে চলে যায় তার শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় ওই দিন রাতেই সুমাইয়ার মা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। পরে গত বুধবার নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের আদালতে ময়নাতদন্তের প্রতিবেদন দাখিল হয়। এর প্রেক্ষিতে আদালত সুমাইয়ার স্বামী মোস্তাক হোসেন, শ্বশুর জাকির হোসেন ও শাশুড়ি সৈয়দা মালেকার জামিন শুনানি করেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষে বিরোধিতার কারণে স্বামী মোস্তাক আহমেদের জামিন না হলে শ্বশুর এবং শাশুড়ির জামিন মঞ্জুর করেন আদালত।

ইত্তেফাক/এসি