মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে স্পিডবোট উল্টে যুবকের মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৮

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া নৌ-চ্যানেলে স্পিডবোট ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় অপর তিনজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১টার দিকে মহেশখালীর সোনাদিয়া নৌ-চ্যানেলে চারজন যাত্রী নিয়ে স্পিডবোট উল্টে  এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাসুদুর রহমান (৩৮)। তিনি নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র রেশন ঠিকাদার বলে জানা গেছে। তার বাড়ি ঢাকার কল্যাণপুরে। তবে বিস্তারিত পরিচয় কেউ দিতে পারেননি। তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মহেশখালী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, কক্সবাজার থেকে মহেশখালীর সোনাদিয়া যাওয়ার পথে সোনাদিয়া নৌ-চ্যানেলে চারজন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে যায়। দুজন সাঁতরে কূলে উঠলেও অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়।   

কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. জাকির হোসেন খান জানিয়েছেন, বোট ডুবির ঘটনায় নাইক্ষ্যংছড়ির আবুল কাশেমের ছেলে ইয়াসিন (৩০) সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা এখন উন্নতির দিকে। তবে, নিহতের বিস্তারিত পরিচয় দিতে পারেনি ইয়াছিন।

ইত্তেফাক/এসি