ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শনিবার সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এসময় নেতৃত্ব দেন সিআইডি’র ডিআইজি মো. মাঈনুল হাসান। সিআইডির টিম একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন। তদন্ত চলমান রেখেছে অন্য সংস্থাগুলোও।
পরিদর্শন শেষে মাঈনুল হাসান জানান, মসজিদে বিস্ফোরনের ঘটনায় ইতিমধ্যে ৩১ জনের প্রাণহানি ঘটেছেছ। এ ঘটনায় ফতুল্লা থানায় দায়ের করা মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করেছে। সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দক্ষতা দিয়ে দ্রুত এই মামলাটির তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। তদন্তকালে যাদের দায় পাওয়া যাবে তাদের অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
তিনি আরো বলেন, এই ঘটনায় সামগ্রিক বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো, যাতে করে সব বিষয়গুলো তদন্তে উঠে আসে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী প্রমুখ।
অপরদিকে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে শনিবার নারায়ণগঞ্জ নাগরিক কমিটি মানববন্ধন করেছে। তারা একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে হতাহতদের ক্ষতিপূরণ ও দোষি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩১ জনের প্রাণহানী ঘটে। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন পাঁচজন।
ইত্তেফাক/এসি
