কথার শুরুতে যা শেষেও তাই
চাকরি চাই
বেশ গোলগাল নাদুসনুদুস রসে টসটসে তেল চকচকে সতেজ রঙিন
একখানা চাকরির ওপর আর কোনো সারকথা
ভূভারতে নাই
পুবে ও পশ্চিমে যাই
উত্তরে দক্ষিণে তাকাই
দিগন্তে দিগন্তে বেগুনি মেঘের উড়ন্ত বিস্তারে
নিজেকে হারিয়ে আবার খুঁজে খুঁজে পাই
আহা মায়ামৃগ চাকরি আমার চাই
যত পড়া যত লেখা
যত শেখা যত দেখা
সবার ওপরে চাকরি সত্য
তাহার ওপরে নাই
সময়ঘড়ি ধরে ছোটা
পোশাকেআশাকে শরীর আঁটা
ঊর্ধ্বের হুকুমে অধেঃর সংবিধিবদ্ধ ওঠানামা
সকল শাস্ত্র ফেলে তৈলশাস্ত্রের প্রলয়ংকর চর্চা
ফসকাগেরোয় বজ্রবন্ধন
পরিবেশ থমথম
ঘটনার ঘনঘটা
অনাবশ্যক বর্ণনার ছটা
পরিশেষে পর্বতের মূষিক প্রসব
অতঃপর সাঙ্গ করে মনে হয়
শেষ হয়েও হলো না শেষ
আহা বেশ বেশ কী আবেশ
তোরা যে যা বলিস ভাই
আমার সোনার হরিণ চাই
দিন যায়
অবশেষে এক আলতা রঙের সন্ধ্যায়
ধরিত্রীর ধুলায়
ধূপগন্ধা চাকরি ফুরায়
মহাকাশের অন্ধকারে ধীরে ধীরে জ্বলে ওঠে
এক ঝাঁক মিটিমিটি তারা
বাঁধনহারা মন সংগোপনে একা একা কোথায় ছুটে যায়
কেউ জানে না
আমার মন মানে না
