‘প্রণোদনার জন্য হেল্প ডেস্ক স্থাপন করেনি বেশির ভাগ ব্যাংক’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

সরকার ঘোষিত প্রণোদান প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকগুলোর অসহযোগিতার বিষয়টি নিয়ে এখনো বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলো থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এপ্রিল মাসে একটি বিজ্ঞপ্তিতে প্রণোদনার অর্থ প্রদানে ব্যাংকগুলোকে হেল্প ডেস্ক স্থাপনের জন্য বলা হলেও বেশির ভাগ শাখায় এই হেল্প ডেস্ক স্থাপন করা হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি।

তিনি বলেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যেসব ক্ষেত্রে মানুষ সমস্যার সম্মুখীন হয়, সেসব সমাধানে রেগুলেটরদের কাছে ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি রয়েছে। তবে বেশির ভাগ ব্যাংকের এমডি এবং ডিএমডি হয়তো এটা পড়েও দেখেননি। গত বৃহস্পতিবার দেশের সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের সহায়তা প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (আইসিই) সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, সহযোগিতা ও অংশীদারিত্ব ছাড়া এসডিজির লক্ষ্য অর্জন সম্ভব নয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ভ্যান নগুয়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, আইসিই সেন্টারের নির্বাহী পরিচালক মো. রাশেদুর রহমান প্রমুখ।