শাহ সুফি খাজা ইউনুছ আলী (রহ)

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:২৪

ইসলাম প্রচারে উপ-মহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা, ওলিয়ে-কামেল সিরাজগঞ্জের হযরত শাহ্ সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরীর (রহ) রয়েছে ব্যাপক অবদান। শিশু বেলায় তিনি পিতাকে হারান। এরপর টুপি বিক্রেতা থেকে একজন সুফীসাধকে পরিণত হন। সুফিবাদের মর্মবাণী তিনি সমগ্র বাংলাদেশ এবং ভারতের আসামে ছড়িয়ে দেন। পাশাপাশি মানবিক কল্যাণকর নানা কাজে নিজেকে নিয়োজিত করেন।  তার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ ও ভারতের শত শত পীর আওলিয়া তাদের খানকা তথা দরবার শরীফ প্রতিষ্ঠা করে রাসুলুল্লাহর (স) সত্য তরিকা ও শান্তির বাণী প্রচার করে চলেছেন। পিরানে পীর দস্তগীর খাজা এনায়েতপুরী (রহ) দরবার শরীফে আজ ১১ জানুয়ারি ১০৪তম বাত্সরিক ওরস অনুষ্ঠিত হতে যাচ্ছে যা দেশের অন্যতম বৃহত্ ধর্মীয় মহাসমাবেশ হিসেবে গণ্য।  আধ্যাত্মিক সুফী সাধক হযরত খাজা বাবা ইউনুছ আলী (রহ) মূলত ছিলেন ইয়েমেনের বংশধর। তার পঞ্চম পূর্বপুরুষ হযরত শাহ দায়েম (রহ) ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন। খাজা এনায়েতপুরী (রহ) এর বাবা শাহ আব্দুল করিম (রহ) ও মাতা-তামান্না বেগম (রহ) এর ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তিনি ১৮৮৬ সালের ৭ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি অবিভক্ত ভারত-বাংলার অন্যতম ধর্ম প্রচারক তত্কালীন কলকাতার মেহেদীবাগ দরবার শরীফের পীর আওলাদে রসুল খাজা সৈয়দ ওয়াজেদ আলী (রহ) এর সংস্পর্শে  আসেন। তিনি হুগলীর দারুল উলুম মাদ্রাসা থেকে টাইটেল পাস করেন।

এক পর্যায়ে পীরের খেলাফতপ্রাপ্ত হয়ে নিজ ভূম সিরাজগঞ্জের এনায়েতপুরে খানকা স্থাপন করেন। তার তরিকা নক্সাবন্দ-মুজাদ্দেদী তরিকা নামে পরিচিত। তার সংস্পর্শে এসে আদর্শিক আলোর পথের দিশারী হিসেবে ১২শ পীর আওলিয়া খেলাফত প্রাপ্ত হন। ১৩ জানুয়ারি রবিবার সকালে দরবারের বর্তমান গদ্দিনশীন পীর হযরত খাজা কামাল উদ্দিন (নুহু মিয়া) এর মোনাজাত পরিচালনার মাধ্যমে বিশ্বমানবতার মঙ্গল কামনা করে বাত্সরিক ওরস শরীফের সমাপ্ত হবে।

l লেখক: চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা, দৈনিক ইত্তেফাক