বিশেষ প্রতিনিধি
‘দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিম ছিলেন নির্ভীক যোদ্ধা। তিনি জনগণের প্রিয় নেতা ছিলেন বলেই ছয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দেশের রাজনৈতিক ইতিহাসে মোহাম্মদ নাসিমের নাম চিরভাস্বর হয়ে থাকবে।’ গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় ১৪ দলের সাবেক সমন্বয়ক ও মুখপাত্র প্রয়াত মোহাম্মদ নাসিম স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, করোনাসহ সকল সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে গণমানুষের দল আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারলে মোহাম্মদ নাসিমসহ সকল নেতাকে শ্রদ্ধা জানানো হবে। এটা করতে পারলে দেশ হবে সত্যিকারের অসাম্প্রদায়িক। এম এ মান্নান বলেন, মোস্তাকের ক্যাবিনেটে জাতীয় নেতাদের যোগ দিতে বলেন, অনেকে যোগ দেন তবে জাতীয় চার নেতা যোগ দেন নাই। এ কারণে ষড়যন্ত্র করে তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঐ চার নেতার অন্যতম একজন ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার পুত্র মোহাম্মদ নাসিমকেও আমরা সেভাবে স্মরণ করতে চাই। সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, আসাদুজ্জামান দুর্জয়, সাংবাদিক মানিক লাল ঘোষ, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি।
