বিশেষ প্রতিনিধি
করোনায় মারা গেলেন পুলিশের আরো এক সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মো. আজিজুর রহমান চৌধুরী। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন। তিনি ‘সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন’ বই তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
করোনায় আক্রান্ত হয়ে আজিজুর রহমান চৌধুরী রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। চিকিত্সাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি ১৯৮২ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন ২০০২ সালের ২৭ আগস্ট। তিনি ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শিতার কারণে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করে। আজিজুর রহমান চৌধুরী ১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নন্দ নগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
