দীর্ঘ ছয় মাস ধরে বন্ধ থাকা নগরীর বাহার কাচনা এলাকার ফিরোজা অটোরাইস মিল পুনরায় চালুকরণসহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ করে দেওয়ার জন্য মালিকপক্ষের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধন সমাবেশে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা বলেন, দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে বেতন দিতে টালবাহানা করে যাচ্ছে ফিরোজা অটোরাইস মিল কর্তৃপক্ষ। অথচ অসহায় শ্রমিকরা নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। ১৭০ জনের মতো শ্রমিক রাইস মিলে কাজ করত। হঠাত্ করে মালিক পক্ষ শ্রমিকদের বকেয়া বেতন ভাতা না দিয়েই বিভিন্ন কারণ দেখিয়ে গতবছরের জুলাইয়ে মিল বন্ধ ঘোষণা করে। এরপর থেকে টানা ছয় মাসে একবারও শ্রমিকদের খোঁজ-খবর নেননি কর্তৃপক্ষ। অথচ শ্রমিকরা ৭০ লাখ টাকার ঊর্ধ্বে বেতন পাবেন।
বকেয়া বেতন পাওয়ার আশায় মিলের সামনে দিনের পর দিন বসে থাকলেও মালিকপক্ষের কোনো টনক নড়েনি। শ্রমিকরা অভিযোগ করেন- বেতন পরিশোধ করা নিয়ে মালিকপক্ষ শুরু থেকেই গড়িমসি করছে। এ সময় শ্রমিক নেতারা বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী ও রংপুরের সন্তান টিপু মুনশিকে শ্রমিকদের আন্দোলনে সাড়া দিয়ে অটোরাইস মিল কর্তৃপক্ষের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মিল ম্যানেজার মোশারফ হোসেনের সভাপতিত্বে ও মিল শ্রমিক আমজাদ হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা লোকমান ফারুক, ফোরম্যান মিঠু মিয়া, মিলিং ফোরম্যান মফিজুল ইসলাম প্রমুখ। ফিরোজা অটোরাইস মিল মালিক জহুরুল ইসলাম বলেন, আমি শ্রমিকদের বকেয়া বেতন দিতে চাই। কিন্তু মিল বন্ধ থাকার কারণে দিতে পারছি না। দীর্ঘ কয়েক মাস ধরে মিল বন্ধ থাকায় শুধু শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়নি। আমরাও ক্ষতির মধ্যে আছি। মিলের মেশিনগুলো পরিত্যক্ত থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। মিল বন্ধ থাকার পরও ২২ কোটি টাকা লোনের কিস্তি প্রতিমাসে দিতে হচ্ছে।
