শিক্ষাঋণ চালুর কথা ভাবছে সরকার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সহজ করতে সরকার শিক্ষাঋণ চালুর কথা ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শনিবার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত এক অনলাইন সেমিনারে (ওয়েবিনার) তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সহজে শিক্ষা চালিয়ে নিতে শিক্ষাঋণ দেওয়া যেতে পারে। আমি সংসদে এ কথা        বলেছি, প্রধানমন্ত্রী মাথা নেড়ে সম্মতিও জানিয়েছেন। আমরা এখন থেকে শিক্ষাঋণ দেওয়ার কথা ভাববো। যেখানে যতটুকু প্রয়োজন আছে, শিক্ষার্থীরা যাতে তা মেটাতে পারেন। তারা যেন বৈষম্যের শিকার না হয়।

‘ই-লার্নিং’ শীর্ষক ওয়েবিনার সঞ্চালনা করেন ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ। এতে শিক্ষাবিদ ও এ খাতের বিশেষজ্ঞরা মতামত তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অব সারে’ এর উপউপাচার্য অধ্যাপক ওসামা খান।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা দেশের শিক্ষা কার্যক্রমে ই-লার্নিংকে আরো কার্যকরভাবে চালু করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, পাঠ্যক্রমের বিষয়বস্তু যুগোপযোগী করা, স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ওপর গুরুত্ব দেন। এ প্রসঙ্গে দেশে বর্তমানের মোবাইল ফোনে ইন্টারনেটের উচ্চমূল্যের ইস্যুটি তোলেন ডিসিসিআই সভাপতি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষানীতিতে ই-লার্নিং কার্যক্রমকে আরো গুরুত্ব দেওয়া হবে।