ফুলপুরে মত্স্য চাষের পুকুর পাড়ে পেঁপে চাষ করে লাভবান হয়েছেন পরিশ্রমী যুবক আব্দুল মান্নান। ফুলপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের মৃত হাজী আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুল মান্নান। বাড়ির পাশে তিন একর জমি নিয়ে একটি পুকুর খনন করে তিন বছর আগে মাছ চাষ শুরু করেন। দুই বছর পতিত থাকার পর পরিচিত এক নার্সারি মালিকের পরামর্শে ছয়মাস আগে পেঁপে চাষ করেন। ৮/৯ হাজার টাকা খরচ করে তিনশ’ পেঁপের চারা পুকুর পাড়ে লাগিয়ে সফলতা পেয়ে লাভবান হন। পেঁপে চাষি মান্নান ইতিমধ্যে প্রায় ৪০ হাজার টাকার কাঁচা-পাকা পেঁপে বাজারে বিক্রি করেছেন। বর্তমানে গাছে আরো ১৫/২০ হাজার টাকার পেঁপে আছে। পেঁপে গাছের নিচে মাসকলাই ডালসহ নানা জাতের সবজি চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি উপার্জন করছেন বলে জানান মান্নান।
