তাড়াশ পৌর শহরের আলেপ মোড় চৌরাস্তায় সারাক্ষণই যানজট লেগে থাকে। এতে দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীকে। সরেজমিনে দেখা গেছে, চৌরাস্তা মোড় চারটি রাস্তার গণপরিবহন ও মানুষ চলাচলের একটি মিলন স্থল। নিত্যপ্রয়োজনে প্রতিদিন হাজার হাজার মানুষ ওই মোড় হয়ে পৌর শহরে প্রবেশ করেন। এখানে বাস, ট্রাক, অটোভ্যান, ইজিবাইক, সিএনজি, নসিমন, করিমন, ভটভটি ও ভাড়ায় চালিত মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন বিশৃঙ্খলভাবে গ্যারেজ করায় সার্বক্ষণিক যানজট লেগেই থাকে। দীর্ঘ সময় জ্যামে আটকে থাকা শিক্ষার্থী, পথচারী, চালক ও যাত্রী সাধারণের যেনো ভোগান্তির শেষ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইফ্ফাত জাহান বলেন, চৌরাস্তা মোড়ে যানজট নিয়ন্ত্রণে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
