এসএসসি পরীক্ষার্থীর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৩১

কিশোরগঞ্জ সদর উপজেলার আব্দুল গণি কারিগরি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান জয়ের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বিন্নাটি চৌরাস্তার মোড়ে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে আব্দুল গণি কারিগরি স্কুল এন্ড কলেজসহ পার্শ্ববর্তী বিন্নাটি আব্দুল মজিদ মোল্লা হাইস্কুল, বিন্নাটি খুর্শিদউদ্দিন ভুঁইয়া দাখিল মাদ্রাসা, মাদ্রাসা-ই মুসলিম মিল্লাত দাখিল মাদ্রাসা, কামালিয়ারচর উচ্চ বিদ্যালয়, আরএস আইডিয়াল কলেজের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। প্রায় দুই কিলামিটার দীর্ঘ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আব্দুল গণি কারিগরি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ কামরুল হাসান, কলেজের অধ্যক্ষ ফাহিমা আক্তার পলি, বিন্নাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বাচ্চু, সাবেক চেয়ারম্যান লুত্ফুল বারী খোকন, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান শিপন, বিন্নাটি আব্দুল মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক, বিন্নাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহ বোরহানউদ্দিন আহমদ, আর এস আইডিয়াল কলেজের প্রভাষক আঃ সাত্তার, মাদ্রাসা-ই মুসলিম মিল্লাত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বদিউজ্জামান, কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।