বরিশালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৩২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে নগরীর সোহেল চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। এতে ওবায়দুল সেরনিয়াবাত ও সাইফুল সেরনিয়াবাত নামে জেলা ছাত্রলীগের দুই নেতা আহত হয়। প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের অনুসারী জেলা ছাত্রলীগ নেতা ওবায়দুল সেরনিয়াবাত ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুল সেরনিয়াবাত সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসে। এসময় শ্রদ্ধাঞ্জলী নিবেদন করাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান ও মহানগর ছাত্রলীগের কর্মী রইজ আহম্মেদ মান্নার সাথে সাইফুল সেরনিয়াবাত ও ওবায়দুল সেরনিয়াবাতের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা এবং পরে মারামারির হয়। এতে ওবায়দুল সেরনিয়াবাত ও সাইফুল সেরনিয়াবাত গুরুত্বর আহত হয়। এই বিষয় জানতে উভয় গ্রুপের সাথে যোগাযোগ করা হলেও কেউ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।