কুমিল্লায় অস্ত্র-গুলিসহ আন্তঃজেলা ১০ ডাকাত সদস্য গ্রেপ্তার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৩২

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ১০ জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দল বুধবার দিবাগত গভীর রাতে রতনপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ডিবি’র ওসি নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে ডিবি’র এলআইসি টিমের এসআই ইকতিয়ার উদ্দিন, এসআই নজরুলসহ পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ আন্তঃজেলা ১০ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছে, নাটোর জেলার গুরুদাসপুর থানার বালখা গ্রামের মাহবুব হোসেন, শরীয়তপুর জেলার গোশাইরহাট থানার চরমাইশকান্দি গ্রামের বাবুল মাল, গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বাটিবৈবাল গ্রামের রেজাউল হোসেন, গাজীপুরের টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের মিজানুর রহমান, কুমিল্লার সদর দক্ষিণ থানার পারবাইল গ্রামের মীর হোসেন, জামালপুরের ইসলামপুর থানার কাছিহারা গ্রামের মুনছুর আলী, দেওয়ানগঞ্জ থানার দীঘলকান্দি গ্রামের সুমন শেখ, সদর থানার চন্দ্রা গ্রামের রফিকুল ইসলাম ওরফে চাঁন মিয়া, কুড়িগ্রামের রৌমারী থানার সুলতান মিয়া, ঢাকার কামরাঙ্গীরচর থানার কামরাঙ্গীরচর এলাকার আবদুর রশিদ মোল্লা। পুলিশ ডাকাতদের নিকট থেকে ১টি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, ২টি বড় রাম-দা, ১টি চাপাতি, ১টি কাটার, ২টি লোহার পাইপ উদ্ধার করে। পুলিশ সুপার আরও জানান, গত বছরের ৪ ডিসেম্বর জেলার নাঙ্গলকোটের চৌকরী পূর্বপাড়া গ্রামের কাজী অহিদুর রহমানের বাড়িতে ওই ডাকাতরা ডাকাতিকালে গৃহকর্তাসহ সাতজনকে কুপিয়ে আহত করে ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেওয়ার কথা স্বীকার করেছে। এ ছাড়া সংঘবদ্ধ এ ডাকাত দলটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি সংঘটিত করে আসছিল বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন ও গোলাম আম্বিয়া মাহমুদ, সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ।