দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর ব্যবহার করায় তিন যুবককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। গত ৯ জানুয়ারি বুধবার রাতে অভিযুক্তদের গ্রেফতারের আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই রাস্তা-ঘাটে উত্ত্যক্ত করত নলজোরা গ্রামের আবুল হাশেমের ছেলে মেহেদী হাসান (২০)। ওই ছাত্রী বিষয়টি পরিবারের লোকদের জানায়। ফলে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই তার ভাই ছোট বোনের চলার পথে এগিয়ে দিত। কিছুদিন আগে বখাটে মেহেদী ও তার বন্ধুরা ওই স্কুলছাত্রীর সাথে তার ভাইকে আসতে দেখে মারধর করে। পরে এ নিয়ে গ্রাম্য সালিশে বিষয়টি সুরাহা করা হয়। সোমবার বেলা সাড়ে বারোটার দিকে ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে চেল্লাখালী নদী তীরবর্তী রাস্তায় মেহেদী তার বন্ধুদের সঙ্গে নিয়ে পথ রোধ করে এবং প্রকাশ্যে আপত্তিকর আচরণ করে। বিষয়টি জানাজানি হলে ছাত্রীর পিতা বাদী হয়ে গতকাল নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেন। এর প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মেহেদী হাসান, বন্ধু দক্ষিণ রানীগাঁও গ্রামের মুছা মিয়া (১৯) ও অপর বন্ধু কৃষ্ণপট্টি গ্রামের তুষারকে (২০) গ্রেফতার করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত তিন আসামিকেই গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভোক্তভোগীকে আদালতে জবানবন্দির জন্য প্রেরণ করা হয়েছে।
