গাংনীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাতীয়করণের ৭ম বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলার সকল নব সরকারি শিক্ষকের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে র্যালি শেষে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে।
উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আনন্দ র্যালিটি প্রধান অতিথি মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, গাংনী উপজেলা শাখার সভাপতি জিয়া মুহা. আহসান মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
