সিলেট বিভাগে শিশু ও নারীরা মারাত্মকভাবে পুষ্টিহীনতায় ভুগছেন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

  হুমায়ূন রশিদ চৌধূরী

 

সিলেট বিভাগের শিশু ও নারীরা মারাত্মকভাবে পুষ্টিহীনতায় ভুগছেন যা জাতীয় সমৃদ্ধির অন্তরায়। শুধু যে সমাজের হতদরিদ্ররা পুষ্টিহীনতার  শিকার তাই নয়। ওপরতলার মানুষেরাও পুষ্টিহীনতায় ভুগছেন। এর অন্যতম কারণ পুষ্টি সম্পর্কে স্বচ্ছ ধারণার অভাব। বিশ্লেষকরা বলছেন, মাতৃত্বকালীন গর্ভবতী মাকে সচেতন এবং শিশু জন্মের পর  মা ও শিশুর প্রতি যথেষ্ট যত্ন নিতে হবে। সিলেটের সাংবাদিকদের ‘পুষ্টির ওপর সম্যক ধারণা ও পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক দিনের কর্মশালায় এমন বক্তব্য উঠে আসে। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের পুষ্টি উন্নয়নমূলক প্রকল্প ‘সূচনা কর্মসূচি’ এই অনুষ্ঠান আয়োজন করে। সাংবাদিকদের মধ্যে বাংলাদেশে পুষ্টির বর্তমান অবস্থা, সিলেট জেলার পুষ্টি সম্পর্কে ধারণা প্রদান ও তার উন্নয়নের বিভিন্ন বিষয়ে সেভ দ্য চিলড্রেনের সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ড. রাইসুল হক আলোচনা করেন এবং পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের কার্যকরী ভূমিকা সম্পর্কে ইউনিসেফের কমিউনিকেশন ফর ডেভলপমেন্ট অফিসার সৈয়দ হক মিলকী আলোচনা করেন। সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপস্থিত সাংবাদিকগণ বিভিন্ন বিষয়ে আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন উদাহরণ, মতামত ও পরামর্শ প্রদান করেন।

তিনটি সূচকে সিলেটে পুষ্টিতে পিছিয়ে : কর্মশালায় বলা হয়, পুষ্টিহীনতার তিনটি সূচকে সিলেটের ক্ষেত্রে সর্বনিম্ন। বিশেষ করে সিলেট অঞ্চলে ৫-৫৯ বছর বয়স পর্যন্ত ৪৪ ভাগ মানুষ খর্বাকৃতির। জাতীয় পর্যায়ের ৪১ ভাগ। কম ওজনের সংখ্যা সিলেটে ৩৩ ভাগ। জাতীয় পর্যায়ে ২২ ভাগ। সিলেটে কৃষ্ণকায়ের সংখ্যা সিলেট বিভাগে ১০ ভাগ। জাতীয় পর্যায়ে আট ভাগ। এদিকে ইউনিসেফের ‘সেইভ দ্য চিলড্রেন’ সূচনা প্রকল্পের আওতায় সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। সূচনা প্রকল্প এই দুই জেলার ২০টি উপজেলার ১৫৭টি ইউনিয়নের আড়াই লাখ দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রসঙ্গত, সিলেট অঞ্চল হাওর ও পাহাড়-টিলাবেষ্টিত। তাই এ অঞ্চল স্বাস্থ্যসেবার দিক দিয়ে এখনো পিছিয়ে। কর্মশালায় বলা হয় এসব জনগোষ্ঠীর পুষ্টি বৃদ্ধি ত্বরান্বিত করা প্রয়োজন। তবে আশার কথা এই অবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকার ও আন্তর্জাতিক সংস্থার বেশ কিছু কার্যক্রম চলমান রয়েছে।