অবৈধ সিগারেট উৎপাদনের দায়ে কুষ্টিয়ার ভারগন টোব্যাকো কারখানায় আবারও অভিযান চালিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা এবং র্যাব-১২। এসময় নকল সিগারেট এবং ব্যান্ডরোল তৈরির অভিযোগে কোম্পানির ম্যানেজার কাজী রাসেল আজাদ রিপনকে গ্রেফতার করে র্যাব।
আজ (রবিবার) র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শাহরতলীর কদমতলায় অবস্থিত এই কম্পানিতে প্রায় ৪ ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানা থেকে ৩,৫০,০০০ শলাকা অবৈধ সিগারেট, ১,৯৫,০০০ জাল ট্যাক্স স্ট্যাম্প ও ১,০৭,০০০ জাল ব্যান্ডরোল জব্দ করে। অভিযানে প্রতিষ্টানের মালিক রাইছুল হককের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ২৫’র ‘ক’ ধারায় মামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, দীর্ঘদিন যাবত আইন লংঙ্ঘন করে সিগারেটের প্যাকেটে ব্যবহৃত সরকারি রাজস্ব ব্যান্ডরোল জালিয়াতি করে আসছিলো ভারগন টোব্যাকো। পুর্বানি, সিজার ও ভারগন নামে নিজেদের তিনটি ব্র্যান্ডসহ দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির নকল ব্র্যান্ডের সিগারেট উৎপাদন করে আসছিলো কোম্পানিটি। ফলে প্রতিবছর সরকারকে ফাঁকি দিচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমান জানান, ‘ভারগন টোব্যাকো দীর্ঘদিন যাবৎ নকল ব্যান্ডরোল দিয়ে সিগারেট তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে। এতে করে সরকার বিপুল পরিমানে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে।’
ইত্তেফাক/বিএএফ
