প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়নের দাবিতে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৯

চাকরি স্থায়ীকরণে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা। রবিবার দুপুর ১২ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট মো. আকতার হোসেন, মো. ইফতে খায়রুল মামুন, মো. দিদারুল ইসলাম, মো. শাহিদুল ইসলাম, মো. জসীম উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর যখন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা শুরু হলো তখন এই মেডিকেল টেকনোলজিস্টদের সংকট দেখা দেয়। তখন প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশ ও দশের স্বার্থে আমরা মেডিকেল টেকনোলজিস্টরা স্বেচ্ছায় করোনার নমুনা সংগ্রহে আত্মনিয়োগ করি। এই কাজে আমাদের কোনো টিএ, ডিএ এবং বেতন-ভাতা ছিল না। আমরা নিজেদের খরচে এসব কাজ করেছি।

বক্তারা আরও বলেন, যারা পিসিআর ল্যাবে কাজ করেছেন, তারা সাতদিন কাজ করার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকেছেন। কিন্তু আমরা তাও থাকতে পারিনি। দেশের এই ক্রান্তি লগ্নে স্বেচ্ছাসেবী এ সকল মেডিকেল টেকনোলজিস্টদের অবদানে খুশি হয়ে প্রধানমন্ত্রী আমাদের স্থায়ীভাবে নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। ইতোমধ্যে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে পরপর দুই ধাপে বেশ কিছু মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হলেও ফরিদপুরের স্বেচ্ছাসেবী এই মেডিকেল টেকনোলজিস্টরা এখনো অবহেলিত রয়েছে।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবি, তিনি যে আশ্বাস দিয়েছেন, তা অতি দ্রুত বাস্তবায়ন করে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের সুন্দরভাবে বাঁচতে সাহায্য করবেন।

ইত্তেফাক/জেডএইচডি