লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীর উপকূলের চর রমনী মোহন ও ভবানীগঞ্জ এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে চাষ হয়েছে সরিষার। কৃষকরা অতিরিক্ত ফসল হিসেবে সরিষা চাষে ব্যস্ত সময় পার করছে। ভবানীগঞ্জ এলাকার সরিষা চাষি হেলাল উদ্দিন, আহম্মদ মিয়া ও আবু তালেব বলেন, কয়েক বছর আগেও তাদের জমি পরিত্যক্ত থাকতো; কিন্তু বর্তমানে কৃষি বিভাগের পরামর্শে তারা এখন বোরো ধানের আগে জমিতে সরিষা চাষ করছেন। সরিষার ফুল মাটিতে পড়ে জমির উর্বরতা শক্তি বাড়ায়। তাছাড়া সরিষার বাজার দরও ভালো হওয়ায় লাভের মুখ দেখছেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খান বলেন, চলতি মৌসুমে জেলায় প্রায় ২৫৮ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।
