নগরীর জামাল খান সড়কের অভিজাত রেস্টুরেন্ট ‘দাওয়াত’-এর ফ্রিজে রান্না করা বাসি খাবার পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ অভিযোগে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত ওই রেস্টুরেন্টের ফ্রিজে রান্না করা নানা পদের খাদ্য দেখতে পান।
ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী সাংবাদিকদের জানান, জামালখান এলাকায় ভেজাল খাদ্যবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ‘দাওয়াত’ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে। এ সময় রেস্টুরেন্টের ফ্রিজ থেকে এক সপ্তাহ আগে রান্না করা বিপুল পরিমাণ বাসি মাছ, মাংস ও তরকারি জব্দ করা হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাসি খাবার গরম করে ক্রেতাদের কাছে পরিবেশনের কথা স্বীকার করেছে। এজন্য রেস্টুরেন্টের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভেজাল খাদ্যবিরোধী অভিযানে লাইসেন্স না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে জামালখান এলাকার গ্র্যান্ড সিকদার হোটেল মালিককে ২০ হাজার টাকা এবং মোগল হোটেল মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধের দায়ে লাভ লেইন এলাকার স্বপ্নীল হোটেল মালিককে ৩ হাজার টাকা এবং মন সুন্দর হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
