পটুয়াখালী শহরের কলাতলা বাজারের নৈশপ্রহরী আবদুল কাদের সিকদার (৬০) হত্যা মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর বিশেষ জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. শহিদুল্লাহ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে- মো. নুর ইসলাম ওরফে জাকির (৩০), বিপ্লব বাড়ৈ (৩০) ও মো. বারেক সিকদার (২৮)। অপর এক আসামি মো. ইদ্রিস ভুঁইয়াকে (২৮) বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, ২০১২ সালের ২৬ নভেম্বর রাতে পটুয়াখালী পৌর শহরের কলতলা বাজারে ডাকাতদের হাতে খুন হন আবদুল কাদের সিকদার। পরদিন নিহত কাদের সিকদারের ছেলে জহিরুল ইসলাম বাদি হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষী-শুনানি শেষে বিজ্ঞ আদালতের বিচারক উপরোল্লিখিত রায় প্রদান করেন।
