ইত্তেফাক রিপোর্ট
স্বামীকে খুন করে লাশ ওয়ারড্রবে রাখার মামলায় গাজীপুরের শ্রীপুরের অধিবাসী জীবন্নাহারকে জামিন দেয়নি হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।
গত বছরের ২৪ জানুয়ারি গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলার চালায় জীবন্নাহার নামে এক নারী তার স্বামী রফিকুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করেন। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হয়। হত্যার পর স্বামীর লাশ ওয়ারড্রবে রেখে দেন। রাতে লাশটি কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন তিনি। এ ঘটনায় শ্রীপুর থানায় জীবন্নাহারের বিরুদ্ধে মামলা করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। এ মামলায় হাইকোর্টে জামিন চাওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও আবেদনের পক্ষে মোহাম্মদ তাফসিরুল ইসলাম শুনানি করেন।
