স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গত রবিবার রাতে ফতুল্লার বক্তাবলীতে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো—জাহিদ হাসান, রকিব ও বোরহান।
নিহত চালকের নাম বেলাল মিয়া (৩০)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার কাদিরাবাদ এলাকার সেকান্দার আলীর ছেলে। তিনি ফতুল্লার শাসনগাঁও এলাকার শাহী মসজিদের পাশে হালিম মিয়ার বাড়িতে স্ত্রী নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, চাষাড়া থেকে গত রবিবার রাত সাড়ে ১০টায় ছিনতাইকারীরা যাত্রীবেশে ৯০ টাকা ভাড়ায় বক্তাবলী ঘাটে নিয়ে গিয়ে চালক বেলাল মিয়াকে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে। এরপর অটোরিকশাটি নিয়ে পালানোর সময় বেলালের এক বন্ধু তা দেখে তাদের পথ রোধ করে বেলালের বিষয়ে জানতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় বেলালের বন্ধুর চিত্কারে এলাকাবাসী এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বেলালের লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
