আউয়াল দম্পত্তির জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৩

দুদকের তিন মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও এক মামলায় তার স্ত্রী লায়লা পারভীনের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন মামলা করা হয়েছে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করে দুদক। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান।

গত বছরের ৩০ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. আলী আকবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় বরিশালে তিনটি মামলা করেন। তিনটি মামলায় এম এ আউয়াল এবং একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, জেলার নাজিরপুর থানার সামনে ও উপজেলা সদরের ভূমি অফিসের পেছনের ১৩ শতাংশ সরকারি খাস জমি নিজের দখলে নেন। পরে সেখানে তিনি দ্বিতল পাকা ভবন নির্মাণ করে পল্লী বিদ্যুত্ সমিতিকে অফিস হিসেবে ভাড়া দেন। এতে চুক্তি করেন এমপির স্ত্রী লায়লা পারভীন। অনুসন্ধানে জানা যায়, সাবেক এমপি আউয়ালের স্ত্রী লায়লা পারভীনের নামে বাড়ির বিদ্যুত্ বিল পরিশোধ করা হচ্ছে। এ সংক্রান্ত সব ধরনের প্রমাণ পাওয়ার পর দুদক অনুসন্ধান শেষ করে মামলা করে।

এসব মামলায় গত ৭ জানুয়ারি হাইকোর্ট তাদের আট সপ্তাহের আগাম জামিন দেয়। ৩ মার্চ তারা পিরোজপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। ওই দিন জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় জেলা জজকে তাত্ক্ষণিক বদলি করা হয়। জেলা জজের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয় যুগ্ম জেলা ও দায়রা জজ বিচারক নাহিদ নাসরিনকে। পরে ওই আদালত আউয়াল দম্পত্তির জামিন মঞ্জুর করেন। নিম্ন আদালতের ওই জামিন আদেশ বাতিল চেয়ে এখন হাইকোর্টে আবেদন করেছে দুদক।