সাহেদের অস্ত্র মামলায় আরো চার জনের সাক্ষ্যগ্রহণ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:২৫

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা অস্ত্র আইনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আরো চার সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা হলেন—পুলিশ পরিদর্শক তপন চন্দ্র শাহ, এএসআই রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম ও হাসান মাহমুদ।

গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ সাক্ষীদের জাবানবন্দি গ্রহণ করেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে ১৪ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

এর আগে গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা সাহেদ করিমকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। পরে একই আদালত ২৭ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

চার্জশিটে বলা হয়, অস্ত্রটি আসামি সাহেদের কেনা। তবে সেটি অবৈধ। অস্ত্রটি কেনার পর কোথাও ব্যবহার করা হয়নি। এজন্য ব্যালাস্টিক পরীক্ষায় কোনো হাতের ছাপ আসেনি। মামলার তদন্তকালে প্রামাণিত হয়েছে, আসামি সাহেদ অবৈধভাবে অস্ত্র ও গুলি তার নিজ দখলে রেখেছে। এর আগে গোয়েন্দা পুলিশের রিমান্ড চলাকালীন অবস্থায় সাহেবকে নিয়ে উত্তরার একটি বাসায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে অস্ত্র, গুলি মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি আলাদা দুইটি মামলা করে।