‘ভালোবাসার আম’ উত্সব

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৯

নিলয় মামুন

দেশের মাটিতে উত্পাদিত সবচেয়ে সুস্বাদু ফল আম। জৈষ্ঠ মাসকে বলা হয় মধু মাস। এ মাসে চারদিকে মৌসুমী ফলের ছড়াছড়ি শুরু হয়। টাকার বিনিময়ে এই ফল যে কেউ কিনে খেতে পারেন। অথচ হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা টাকার অভাবে বঞ্চিত হয় আমাদের দেশের এই মৌসুমী ফল থেকে। দেশের এই ফল যেন তারাও টাকা না থাকলে খেতে পারেন সেই উত্সবের আয়োজন করেছিল ই-কমার্স সাইট ইকোহাট। সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে তারা আম বিতরণ করে এই উত্সবকে সব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যেগ নিয়েছিল। তারা বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষ, শিশু ও বৃদ্ধাশ্রমে এসব আম বিতরণ করে। টিএসসিতে সুবিধাবঞ্চিতদের মাঝেও তারা আম নিয়ে হাজির হয়। রাজধানীর কল্যাণপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে এক শত বৃদ্ধা ও শিশুদের মাঝেও এ ফল বিতরণ করে তারা। ২০১৪ সাল থেকে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার পরিচালনা করছেন মিল্টন সমাদ্দার। তিনি বলেন, ‘এমন উদ্যোগের জন্য ইকোহাটকে ধন্যবাদ। অন্যরাও এভাবে এগিয়ে আসলে অন্তত কেউ মৌসুমী ফল টাকার অভাবে খাওয়া থেকে বঞ্চিত হতো না।’ ইকোহাট’র উদ্যোক্তাদের একজন রকিবুল হোসাইন। তিনি বলেন, ‘আমরা ছোট পরিসরে এটি চালু করেছি। যাদের আম কেনার সামর্থ নেই, তাদের যেন সবাই দেশী মৌসুমী ফল খাওয়ার সুযোগ করে দেয় সেটিকে উত্সাহিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’ অন্যরাও এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেন তিনি। রকিবুল জানান, ‘আমরা খুবই স্বল্প পরিসরে শুরু করেছি। প্রতিবছরই আমরা এই উত্সব পালন করব। এই উত্সব ধীরে ধীরে যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে সেটিই আমাদের প্রত্যাশা।’