ইত্তেফাক রিপোর্ট: নাক-কান-গলার জটিল অপারেশন করতে ভারত থেকে বাংলাদেশে আসছেন তিন বিশেষজ্ঞ চিকিত্সক। তারা হলেন— ভারতের জয়দেবপুরের যেইন ইএনটি হাসপাতালের পরিচালক ডা. সতিশ যেইন, কলকাতার ডা. সুদিপ্ত চন্দ্র, পুনের ডা. আদিত্তিয়া ইয়ালকার। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে বিদেশি স্বনামধন্য চিকিত্সকরা অংশগ্রহণ করবেন এবং বিনামূল্যে নাক, কান, গলার অপারেশন করবেন। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন, যাদের নাক বাঁকা, নাক বোঁচা, নাকের বিকৃতি রয়েছে কর্মশালায় তারা বিনামূল্যে অপারেশনের সুযোগ পাবেন। এ ছাড়া এন্ডোসকপির মাধ্যমে নাকের পলিপ, নাকের টিউমার, পিটুইটারি টিউমার, কানের টিউমার, গলার ক্যান্সারের অপারেশন বিনামূল্যে করা হবে। আগ্রহী রোগীরা আগামী ২০ জানুয়ারির মধ্যে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের ঠিকানা— অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, মোবাইল নম্বর- ০১৭০৫৩৭৩৩৫৩, ০১৫৫২৩০৬৭৭২। হাসপাতালের রেজিস্ট্রার (ইএনটি) ডা. মো. রাফিউল আলম, মোবাইল নম্বর- ০১৭২৪৪৭৭৯০৯।
