ইত্তেফাক রিপোর্ট
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনে প্রভাব ফেলে এমন যে কোনো সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ ও নিজেদের কথা বলার অধিকার থাকা জরুরি। গতকাল মঙ্গলবার এক ব্রিফিংয়ে সংস্থাটি বলেছে, সিদ্ধান্ত গ্রহণে রোহিঙ্গা জনগোষ্ঠীর অংশগ্রহণ না থাকায় তাদের মতপ্রকাশের স্বাধীনতা, সমাবেশ ও চলাচলের স্বাধীনতা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার অধিকারের মতো মানবাধিকার ক্ষুণ্ন হচ্ছে। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বেআইনিভাবে হত্যার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের কার্যালয়ের পরিচালক ডেভিড গ্রিফিথস বলেন, কয়েক দশক ধরে রোহিঙ্গারা মিয়ানমারে নির্যাতন এবং বৈষম্যের স্বীকার হচ্ছে। তাদের ওপর মানবতাবিরোধী অপরাধ হয়েছে যে কারণে লাখ লাখ রোহিঙ্গা রাখাইন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। যদিও এসব সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব রয়েছে। রোহিঙ্গাদের মানবাধিকার যাতে রক্ষিত হয় সেজন্য তাদেরকে যে কোনো নীতিতে যুক্ত করা জরুরি। একই সঙ্গে রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশের নীতি গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
