আনুষ্ঠানিক বিতর্কের আগেই ট্রাম্প-বাইডেন তুমুল বাহাস!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৩

আনুষ্ঠানিক বিতর্ক ২৯ সেপ্টেম্বর শুরু। কিন্তু তার আগেই তুমুল বাহাস চলছে ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে। দিন যত যাচ্ছে দুই প্রার্থীর নেতিবাচক সমালোচনা এবং একে-অন্যের দোষ ত্রুটি তুলে ধরার প্রবণতা তত বাড়ছে। তবে এই বাহাস এক প্রকার বিনোদনও দিচ্ছে মার্কিন ভোটারদের। বিশেষ করে, ট্রাম্পের বক্তব্যগুলো অনেক সময় হাস্যরসের সৃষ্টি হচ্ছে। কিন্তু এর মধ্যে ট্রাম্প অনেক সিরিয়াস কথা বলছেন, এমনটাও মনে করেন তার সমর্থকেরা।

আগামী ৩ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। কোভিড-১৯ এর কারণে নির্বাচনী প্রচরণার তাপ-উত্তাপ  এখনো শুরু হয়নি। তবে প্রচারণা চলছে ভিন্নমাত্রায়। নির্বাচনকে ঘিরে এ পর্যন্ত যেসব বাহাস উঠে এসেছে তার মধ্যে রয়েছে জো বাইডেনের বয়স অনুযায়ী দেশ শাসনের যোগ্যতা, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতা এবং ডেমোক্র্যাট রাজনীতির নেতিবাচক দিকগুলো। ট্রাম্প তার বক্তব্যে বাইডেনকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেন। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম জো বাইডেনের প্রচার।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় ব্যক্তি যিনি প্রেসিডেন্ট হিসেবে হাউজে অভিশংসিত হয়েছেন। তার বিরুদ্ধে ডেমোক্র্যাটদের হাজারো অভিযোগ রয়েছে। কিন্তু নির্বাচনে জো বাইডেন এখনো ট্রাম্পের বিরুদ্ধে কট্টর সমালোচনা শুরু করেননি। তিনি ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের জন্য অযোগ্য প্রেসিডেন্ট দাবি করে তার নানা ভুল কর্মকাণ্ড তুলে ধরছেন। তবে জো বাইডেনের চেয়ে ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন ট্রাম্প প্রশাসনের সাবেক অনেক কর্মকর্তা। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন ইতিমধ্যে বই লিখে ট্রাম্পের অনেক গোপন কর্মকাণ্ড ফাঁস করেছেন। তবে জো বাইডেন এখনো অন্য কারো উদ্ধৃতি টেনে ট্রাম্পকে আক্রমণ শুরু করেননি।

সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যালিফোর্নিয়া সফরের কিছু আগে নিজ রাজ্য দেলাওয়ার থেকে দেওয়া বক্তব্যে জো বাইডেন জলবায়ু পরিবর্তনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের তীব্র সমালোচনা করে বলেছেন, জলবায়ু পরিবর্তন অস্বীকার করে এমন লোককে আরো চার বছরের জন্য হোয়াইট হাউজে পাঠালে পরিণতি হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্র আরো পুড়বে, আরো পানিতে ডুববে।

উল্লেখ্য, সোমবার ক্যালিফোর্নিয়াতে দাবানল নিয়ে এক ব্রিফিংয়ে রাজ্যের প্রাকৃতিক সম্পদ বিভাগের প্রধান ওয়েড ক্রোফুটের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্রোফুট তখন প্রেসিডেন্টকে জানান যে, উষ্ণতা বৃদ্ধির ফলে ক্যালিফোর্নিয়ার দাবানল নাজুক হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে এখন তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ভ্রমণ করছেন। তিনি জো বাইডেনের তীব্র সমালোচনা করে তাকে কম বুদ্ধির লোক এবং কোনো মতে সজাগ আছেন বলে বর্ণনা করেন। ৩ নভেম্বরের নির্বাচনে তিনি নিশ্চিত জয়ী হবেন উল্লেখ করে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি কম বুদ্ধির একজন লোকের কাছে হেরে যাব, আমি তা চাই না। তিনি জো বাইডেনকে ‘স্লিপি জো’ হিসেবে উল্লেখ করে বলেন, এই লোক জানে না যে সে বেঁচে আছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি করোনা ভাইরাস। এ পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে মারা গেছে ১ লাখ ৮০ হাজারেরও বেশি লোক। তবু ট্রাম্প দাবি করে চলেছেন, করোনা নিয়ন্ত্রণেই রয়েছে। ট্রাম্প ও বাইডেনের এই বাহাস ২৯ তারিখের বিতর্কের মঞ্চে কতটা উত্থাপিত হবে তা এখন দেখার বিষয়। তবে সবকিছু নির্ভর করছে উপস্থাপক ক্রিস ওয়ালেসের ওপর।