ইআরকিউ হিসাব থেকে দেওয়া যাবে বিদেশি কর্মীদের বেতন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:১৫

প্রচলিত নিয়ম অনুযায়ী বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীরা মূল বেতনের সর্বোচ্চ ৭৫ শতাংশ নিজে দেশে নিতে পারেন রেমিট্যান্স হিসেবে। এখন থেকে রপ্তানি খাতের ব্যবসায়ীরা ইআরকিউ হিসাব থেকেও বিদেশি কর্মীদের বেতন দিতে পারবেন। গতকাল বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকে থাকা এফসি হিসাবের মাধ্যমে বিদেশি কর্মীরা নিজ দেশে অর্থ নিতে পারবেন।

ব্যাংকের এডি শাখাগুলো বিদেশি কর্মীদের থাকা এফসি হিসাবের মাধ্যমে বেতনের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে। এক্ষেত্রে অবশ্যই রপ্তানিকারক প্রতিষ্ঠানের ইআরকিউ হিসাবে জমা থাকা বৈদেশিক মুদ্রার পরিমাণ দেখতে হবে। শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি থাকা বিদেশি কর্মীদের বেতনই এফসি হিসাবের মাধ্যমে দেওয়া যাবে। ব্যাংককে যাচাই করে দেখতে হবে কতজন বিদেশি কর্মীর অনুমোদন রয়েছে রপ্তানি কারক প্রতিষ্ঠানের।

এর আগে গত জুন মাসের এক নির্দেশনায় উল্লেখ করা হয়, বিদেশি কর্মীদের বেতন অবশ্য এফসি (বৈদেশিক মুদ্রার হিসাব বা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট) হিসাবের মাধ্যমে দিতে হবে।