অভিনেত্রী অহনা রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর উত্তরা থানায় মামলা হয়েছে।
অহনার পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার অহনা উত্তরায় নিজ বাসভবনের দিকে যাচ্ছিলেন। এসময় ৭ নম্বর সেক্টরের পূর্ব মাথায় একটি বেপরোয়া গতির পাথর বোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিয়ে তার প্রাইভেটকারের ক্ষতি করে। অহনা ক্ষতিপূরণ দাবি করে ট্রাক ড্রাইভারকে নামতে বললে আবারো অহনার কারটিকে জোরে ধাক্কা দেয় চালক। এমন অবস্থায় অহনা ট্রাকের দরজা ধরে বাঁচাও বাঁচাও বলে চিত্কার দিতে থাকে। কিন্তু অহনাকে ওই অবস্থাতেই ট্রাকে করে টেনে নিয়ে জোরে ব্রেক করে ট্রাক থেকে অহনাকে ফেলে দেয়। রাস্তায় থাকা পাথরের উপর অহনা ছিটকে পড়ায় গুরুতর আহত হন।
ঢাকা মেট্রো ট ১৫-১৮২৬ নাম্বারের ট্রাক ফেলেই চালক যখন পালিয়ে যায় তখন প্রায় রাত চারটা। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানার পুলিশের সহযোগিতায় ট্রাকটিতে আটকানো হয়। এ ব্যাপারে অহনার ছোট বোন লিজা মিতু বাদী হয়ে গত বুধবার উত্তরা থানায় মামলা করেছেন। এরইমধ্যে ট্রাকের মালিক পক্ষ থেকে অহনা ও তার পরিবারকে নানান হুমকি দেয়া হচ্ছে বলে জানান অহনা।
