সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহে কমিশনের সভায় নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। গতকাল বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন। ধারণা করা হচ্ছে আগামী মাসের মধ্যেই সংসদের ৫০ জন সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে কমিশন।
ইসি সচিব বলেন, আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি-জাপা ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে ২টি আসন পাবে।
গত ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি, জাপা ২২টি, বিকল্পধারা ২টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২টি, জাতীয় পার্টি-জেপি ১টি এবং তরিকত ফেডারেশন ১টি আসনে জয় পেয়েছে। বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র সাতটি আসন। আর স্থগিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে ৯ জানুয়ারি নির্বাচনের পর আসনটিতে জয় পায় বিএনপি। সংরক্ষিত নারী আসন বণ্টনে আইনে বলা আছে, সংসদের ৩০০ আসনের মধ্যে যে দল যতটি আসন, তার আনুপাতিক হারে ৫০টি আসন দলগুলোর মধ্যে ভাগ করে দেয়া হবে। যে দলের অনুকূলে যতটি আসন নির্ধারিত হবে দলগুলো সেই সব আসনপ্রতি এক বা একাধিক প্রার্থী মনোনয়ন দিতে পারবে। একজন করে প্রার্থী দেয়া হলে ভোটাভুটির প্রয়োজন হবে না। তবে আসনপ্রতি একাধিক প্রার্থী থাকলে দলের সদস্যদের ভোটে একজন নির্বাচিত হবেন। তবে ২০০৯ ও ২০১৪ সালে দলগুলো থেকে একের অধিক প্রার্থী দেয়া হয়নি। যে কারণে ভোটাভুটির প্রয়োজন হয়নি।
