১০ লক্ষাধিক অতিদরিদ্র নারীকে মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে ------মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১২

ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) হিসেবে আগামী ২০২১-২২ সালে দুই বছর মেয়াদে ১০ লাখ ৪০ হাজার উপকারভোগী অতিদরিদ্র নারীদের মধ্যে ৩০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। মঙ্গলবার সচিবালয়ে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিজিডি কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ইআরডি, স্থানীয় সরকার বিভাগ ও বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সমাজের নিম্ন আয় ও দিন আনে দিন খায় এমন শ্রেণি বিশেষ করে শ্রমজীবী নারীরা অনেক কষ্টে আছেন। এই সময়ে প্রকৃত দুস্থ ও অসহায় নারী যারা ভিজিডিতে অন্তর্ভুক্ত হওয়ার সব শর্ত পূরণ করবে তাদের নির্বাচন করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।