ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কোনো সম্ভাবনা নেই :আইনমন্ত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২৩:০৩

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কোন সম্ভাবনাই নেই মন্তব্য করে বলেছেন, আমরা যেটা চাই তা হলো ডিজিটাল নিরাপত্তা আইনের যেন কোন অপব্যবহার না হয়।

মন্ত্রী বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে ঢাকা থেকে হেলিকপ্টরে টুঙ্গিপাড়া পৌঁছে নব নিযুক্ত অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও সালমান এফ. রহমান এমপি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানান।

তারা একসঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা পবিত্র সুরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে অর্থমন্ত্রী, আইনমন্ত্রী ও সালমান এফ. রহমান এমপি টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।