ফেরি সংকটে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে শত শত গাড়ি আটকা

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২৩:০৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরির তীব্র সংকট সৃষ্টি হয়েছে। চলাচলকারী ফেরিগুলো অনেক পুরনো। এ কারণে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেগুলো ঘন ঘন বিকল হয়ে পড়ছে। এতে ব্যস্ততম ওই নৌপথে লেগে থাকা ফেরির সংকট সহসা কাটছে না। স্বাভাবিক ফেরি পারাপার ব্যাহত হওয়ায় গতকাল বৃহস্পতিবার গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, প্রতিদিন এই নৌপথ দিয়ে কয়েক হাজার বিভিন্ন গাড়ি ফেরি পারাপার হয়। সেখানে বহরে রয়েছে দশটি রো রো (বড়) ফেরি। এর মধ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও কেরামত আলী নামের তিনটি ফেরি কয়েক মাস যাবত্ বিকল হয়ে আছে। মেরামত কাজের জন্য ওই তিনটি বড় ফেরি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে। শাহ্পরাণ নামে অপর একটি বড় ফেরি গত মঙ্গলবার দৌলতদিয়া থেকে প্রত্যাহার করে মাওয়ায় স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি যান্ত্রিক ত্রুটির কারণে কে-টাইপ ফেরি কুমারী বিকল হওয়ায় পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে ফেরিটির মেরামত কাজ চলছে। এতে ফেরির তীব্র সংকট সৃষ্টি হওয়ায় স্বাভাবিক ফেরিপারা পার ব্যাহত হচ্ছে।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, ‘ছোট-বড় মিলে চারটি ফেরি বিকল থাকার পাশাপাশি বড় ফেরি শাহ্পরাণ প্রত্যাহার করায় ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরির তীব্র সংকট সৃষ্টি হয়েছে।’ স্বাভাবিক ফেরি পারাপার ব্যাহত হওয়ায় দুই ঘাটেই ফেরির টিকিট সিরিয়ালে আটকা পড়েছে।