শিং থাকা দোষ নয়

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৫

ধবল ফড়িং হলদে ফড়িং

লাল-গোলাপি-সবুজ

সব ফড়িংয়ের চপল ডানা

মনটা অবুঝ অবুঝ।

 

ঘাসের বনে কাশের বনে

বেড়ায় খেলে খেলে

আপন মনে লাফিংঝাপিং

ইচ্ছেডানা মেলে।

 

ঘাসফড়িংয়ের মাথায় আছে

লম্বা-চিকন শিং

কেউ করে না গুঁতোগুঁতি

রোজ করে হিংটিং।

 

থাকুক না শিং খাড়া খাড়া

শিং থাকা দোষ নয়

ধবধবে কাশফুলের মতো

মনটা যদি হয়।