মার্সেইয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা আগ থেকেই নেইমারের ছিল। সে ম্যাচে আলভারো গঞ্জালেজকে চড় মারার দায়ে এখন তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফরাসি ফুটবল। তার আনা বর্ণবাদের অভিযোগও অবশ্য বেশ গুরুত্ব দিয়েই দেখছে সংস্থাটি।
তবে নেইমারকে ছাড়াই পিএসজি চলতি লিগ মৌসুমে নিজেদের প্রথম জয়টি পেয়েছে। তবে মেেসর বিপক্ষে সে জয়টি মোটেও অনায়াসে আসেনি। অন্তিম সময়ে জুলিয়ান ড্র্যাক্সলারের গোলে জিতেছে থমাস টুখেলের দল।
তবে আগের ম্যাচে বিবাদ-হাতাহাতির ফলে নেইমারসহ নিষিদ্ধ হয়েছেন আরো দুই পিএসজি খেলোয়াড়। সবচেয়ে বড় খড়গটা নেমে এসেছে লেইভিন কুরজাওয়ার ওপর। সেদিনের ম্যাচে প্রথম লাল কার্ড দেখা এই ডিফেন্ডার নিষিদ্ধ হয়েছেন ছয় ম্যাচের জন্য। আরেক পিএসজি খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেস নিষিদ্ধ হয়েছেন দুই ম্যাচ। আগামী ২৭ অক্টোবরের স্তাদ রেইমসের বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরবেন দুজনে।
এদিকে মার্শেইয়ের দুই লাল কার্ড দেখা খেলোয়াড়ও পেয়েছেন নিষেধাজ্ঞা। জর্দান আমাভি নিষিদ্ধ হয়েছেন তিন ম্যাচ আর দারিও বেনেদেতো খেলতে পারবেন না দুই ম্যাচে।
শুধু নেইমাররাই নয়, সতীর্থ আনহেল ডি মারিয়ার বিরুদ্ধেও আছে অভিযোগ। আলভারো গঞ্জালেজকে থুতু মারার অভিযোগ ছিল তার বিপক্ষে। ব্যাপারটি প্রমাণিত না হওয়ায় এখনো নিষেধাজ্ঞার খড়গ নামেনি তার ওপর। তবে আগামী বুধবার লিগ দে ফুটবল পেরসোনেলের (এলএফপি) ডিসিপ্লিনারি কমিশনের বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে তাকে।
